
যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গা জেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় নয়নের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারের মূল্য প্রায় ২৫ লাখ ৬২ হাজার টাকা। স্বর্ণসহ জব্দ করা অন্যান্য মালামালের মোট বাজারমূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান কবীর নয়ন জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।