
যশোরে স্টাডি ট্যুরে এসেছেন ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম শিক্ষানবিশ কর্মকর্তাদের উদ্দেশে যশোর জেলা ও জেলা পুলিশের ইতিহাস, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কার্যক্রম, জনসাধারণকে দেওয়া বিভিন্ন পুলিশি সেবা এবং জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা শিক্ষানবিশ কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি তাঁদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধিতে এ স্টাডি ট্যুরের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের নেতৃত্ব প্রদানের জন্য নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, যশোরের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা এবং ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা।
এ স্টাডি ট্যুরের মাধ্যমে শিক্ষানবিশ কর্মকর্তারা যশোর জেলা পুলিশের প্রশাসনিক কাঠামো, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।