
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে যশোর জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৬২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) যশোর জেলার নয়টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশ জেলার ৪৪টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ৪৪টি চেকপোস্টে ১ হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। অভিযানে ৬২টি মোটরসাইকেল আটক এবং সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম ও তিন পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা জানান, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ চেকপোস্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পুলিশ মাদকবিরোধী ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।”