
যশোর শহরে আদালত চত্বরের দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আটটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা যশোর প্রেসক্লাবের বিপরীতে জেলা আদালতের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৩৯(১১)২৬।
মামলার পর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। তাঁরা হলেন মো. শরিফুল ইসলাম, মনিরুজ্জামান লাভলু, ডালিম হোসেন, সানোয়ার হোসেন, কাজী বাকেরুল ইসলাম ইমরান, আব্দুল আলীম গাজী, মো. লাভলু, মো. আলাউদ্দিন ও আরমান হোসেন। তাঁদের সবার বাড়ি যশোর সদর এলাকায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে শরিফুল ইসলামের বাবা শাহাবুদ্দিন, মনিরুজ্জামান লাভলুর বাবা মৃত মোকসেদ গাজী, ডালিম হোসেনের বাবা মৃত ফজলুল হক, সানোয়ার হোসেনের বাবা মৃত আমজাদ হোসেন, কাজী বাকেরুল ইসলাম ইমরানের বাবা কাজী আব্দুল মান্নান, আব্দুল আলীম গাজীর বাবা আব্দুল বারি, মো. লাভলুর বাবা আব্দুল মজিদ, আলাউদ্দিনের বাবা মৃত আকবর সরাব এবং আরমান হোসেনের বাবা লুৎফর রহমান।
এ ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।