
যশোর শহর ও মনিরামপুর উপজেলায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত ঝটপট ফাস্টফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মনিরামপুর উপজেলার আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে ১০ হাজার টাকা এবং বনফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ, মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।