
যশোর-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও বসুন্দিয়া এলাকায় সড়কের ওপর ভারী যানবাহন রেখে নিয়মিত সার্ভিসিং করার অভিযোগ উঠেছে। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট গ্যারেজ, গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।
যশোর-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও বসুন্দিয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ব্যস্ততম এলাকা। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু মহাসড়কের ওপর ছয় চাকা ও দশ চাকার মতো ভারী যানবাহন দাঁড় করিয়ে সার্ভিসিং করার কারণে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর এভাবে গাড়ি রেখে মেরামত ও সার্ভিসিং করায় অন্য যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন স্থানে রেলক্রসিং থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
সচেতন মহলের দাবি, মহাসড়কের পাশে গড়ে ওঠা গ্যারেজ এবং সড়কের ওপর যানবাহন রেখে সার্ভিসিংয়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে আনা জরুরি। একই সঙ্গে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের মতে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল বজায় রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে।