
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সময় দুই দালালকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—যশোর শহরের ঘোপ সেন্টার রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মারুফ (৫৫) ও যশোর সদর উপজেলার বিরামপুর নোয়াপাড়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর বিনিময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কমিশন বা পারসেন্টেজ নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
সূত্র আরও জানায়, দালালির অভিযোগে এর আগেও তাদের সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে তাদের আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরও একই কর্মকাণ্ডে জড়িত থাকায় মঙ্গলবার তাদের পুনরায় আটক করা হয়।
ঘটনার পর বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।