
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ ঘটনা ঘটে। আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মাহমুদ আলী।
হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী শাহানারা (৬৫) চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালের সিসিইউয়ের নিচতলায় আসেন। এ সময় শাহানা নামে ওই নারী তার পেছনে গিয়ে ওড়নার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে শাহানার গলায় থাকা স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন। চেইন কাটার সময় উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করেন।
এ সময় তার কাছ থেকে চেইন কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়। ভিকটিমের স্বর্ণের চেইনটি প্রায় ৮ আনা ওজনের বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।