
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও আবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৫১ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় চার পুলিশ সদস্যকে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাস্তবায়ন পর্যালোচনা ও চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের সার্বিক সুবিধা-অসুবিধা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও প্রস্তাব শোনেন এবং কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫১ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
এ সময় আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদকে পুরস্কৃত করা হয়। এছাড়া সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) কামাল হোসেন এবং শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কোতোয়ালি মডেল থানার এএসআই (নিঃ) মিজানুর রহমান পুরস্কার পান।
সভা শেষে যশোর জেলা পুলিশের চার সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, পুলিশ হাসপাতালের চিকিৎসক, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।