
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যশোর জেলা বিএনপির উদ্যোগে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য গণসমাবেশ স্থগিত করা হয়েছে। শুক্রবার জেলা বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে যশোর শহরের জজ কোর্ট মোড়ে গণসমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু বর্তমান বিরূপ আবহাওয়া এবং জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি জানিয়েছে, গণসমাবেশের নতুন তারিখ ও সময় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে পরবর্তী ঘোষণা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নাম উল্লেখ রয়েছে।