যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি রিপন মৃধা (৩৫) নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে স্বর্ণের একটি বড় চালান যশোর হয়ে সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, এ সময় রিপন মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন মৃধা বিজিবিকে জানান, তিনি ঢাকায় থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার করা স্বর্ণের বারগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।