
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১০৭টি শাড়ি, একটি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৪১টি চকলেট এবং ২৪৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।