
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্যপণ্য, চকলেট ও প্রসাধনসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল এসব মালামাল আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫২টি ভারতীয় শাড়ি, চারটি কম্বল, এক কেজি জিরা, চার প্যাকেট ফুসকা, এক কেজি কিসমিস, ২৪০টি চকলেট ও ১ হাজার ১৮০টি প্রসাধনসামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।