
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নামেজ সর্দার স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আসন্ন ১১ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাজু আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ রাজু আহমেদ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।
তিনি বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন নিয়মিত হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এলাকার তরুণদের পাশে থেকে ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, আয়োজক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।