
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বজলুর রহমানের ছেলে মো. নাহিদ (৩২)।
পুলিশ জানায়, গতকাল রবিবার (৭ জুন) রাতে শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫০ মিনিটের দিকে নাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।