
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গোপালপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব আমবাগান থেকে রাতের আঁধারে দুটি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল ২৮ নভেম্বর দিবাগত রাতে মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির দক্ষিণ পাশে নিজস্ব প্রায় সাড়ে তিন বিঘা জমিতে একটি আমবাগান রয়েছে। বাগানে প্রায় ৫০টি আমগাছ আছে। বাগান থেকে পাওয়া আয় মাদ্রাসার তহবিলে জমা হয়। সেই অর্থ দিয়ে দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। কিন্তু রাতের আঁধারে করাত দিয়ে দুটি আমগাছ কেটে ফেলা হয়েছে। গাছ দুটির একটির বেড় আনুমানিক পাঁচ ফুট এবং অন্যটির চার ফুট।
মাদ্রাসার সভাপতি মো. মাহবুব আলম তুহিনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই আমবাগানের গাছ কেটে সেখানে খেলার মাঠ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তাতে সম্মতি দেননি। তাঁর ধারণা, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
অন্যদিকে, মাদ্রাসার সুপার আব্দুল গফুর জানান, দীর্ঘদিন ধরেই ওই বাগানের গাছ কেটে খেলার মাঠ তৈরির ষড়যন্ত্র চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও গ্রামবাসী মর্মাহত। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।