
ড্রোনে লাইভ মনিটরিং, প্রস্তুত এপিসি ও রায়ট কন্ট্রোল ভেহিকল
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের চারটি শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিংয়ের পাশাপাশি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা কার্যক্রম কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও রায়ট কন্ট্রোল ভেহিকল। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।