
সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় চালু হয়েছে দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে এ মানবিক কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সমাজের বিত্তবানদের অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক বিনামূল্যে অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবীরা।
আয়োজকেরা জানান, যাঁদের ঘরে অতিরিক্ত ভালো ও ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা মানবতার দেয়ালে সেসব পোশাক রেখে যেতে পারবেন। অন্যদিকে যাঁদের পোশাক প্রয়োজন, তাঁরা কোনো অর্থ বা আর্থিক সচ্ছলতার প্রমাণ ছাড়াই সেখান থেকে পছন্দমতো পোশাক সংগ্রহ করতে পারবেন।
এ উদ্যোগে পোশাক দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে কারও পরিচয় বা আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনা করা হবে না। মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম বলেন, এ কার্যক্রম শুধু পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো অসহায় মানুষের শীত নিবারণ কিংবা মুখে হাসি ফোটানোর মাধ্যম হতে পারে। তিনি এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার এ দুটি মানবতার দেয়াল অসহায় মানুষের সহায়তার পাশাপাশি সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।