
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সাতক্ষীরায় সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৯০ দিনের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির ধারাবাহিকতায় সাতক্ষীরাতেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সার্বিক দিকনির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে দেবহাটা নেতৃবৃন্দের হাতে প্রচার-প্রচারণার জন্য মাইক তুলে দেন এস এম মহসিন আলম। একই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের জন্য মশার কয়েলও বিতরণ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জাতীয়তাবাদী দলের সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক এস এম মহসিন আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় ৯০ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে এ প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রচার-প্রচারণার মূল লক্ষ্য হলো মানুষকে সচেতন করা। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নারিকেলের মালা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি থেকেই এডিস মশার বংশবিস্তার হতে পারে।
এস এম মহসিন আলম আরও বলেন, প্রত্যেককে নিজের পরিবারকে ভালোবাসার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়ে গেলে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজে সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারব।