
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসা হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার রাজনীতিতে একজন পরিচিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিত। তিনি সাতক্ষীরা-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বলেন, হাবিবুল ইসলাম হাবিবের এই দায়িত্বপ্রাপ্তি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি।
তারা আরও বলেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগ আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ হাবিবুল ইসলাম হাবিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।