
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।