
২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ লুটপাটের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, সে সময় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সম্প্রচার স্বত্ব কেনায় সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছিল। তবে ২০২৬ সালের বিশ্বকাপের ক্ষেত্রে সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কিনে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে ব্যয়ের অধিকাংশ অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারের জন্য সরকার প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করেছিল। অন্যদিকে ২০২৬ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কেনা হয়েছে এবং পরে দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে সাব-লাইসেন্সিং করা হয়েছে। এর ফলে সম্প্রচার ব্যয়ের বড় অংশই উঠে এসেছে এবং সরকারের নিজস্ব তহবিল থেকে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।
তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে। পরবর্তীতে দেশের চারটি মাধ্যমের কাছে সাব-লাইসেন্স দেওয়ার মাধ্যমে ব্যয়ের বড় অংশ পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি সরকারের প্রাপ্য করও সরকারি কোষাগারে জমা হয়েছে।
তিনি বলেন, আরও আগে থেকে প্রক্রিয়াটি শুরু করা গেলে এবং ফিফার সঙ্গে বেশি দরকষাকষির সুযোগ থাকলে সরকারের অবশিষ্ট ৪ থেকে ৫ কোটি টাকার ব্যয়ও এড়ানো সম্ভব হতো।
২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার ব্যয় প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সে সময় ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হলেও তা সরাসরি বাংলাদেশ কিনেনি। প্রথমে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের একটি যৌথ কোম্পানি স্বত্বটি কিনে নেয়। পরে বাংলাদেশের তমা কনস্ট্রাকশন ওই বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে স্বত্ব সংগ্রহ করে এবং বাংলাদেশ সরকার বিটিভির জন্য তাদের কাছ থেকে ৯৮ কোটি টাকায় তা ক্রয় করে।
তিনি আরও বলেন, পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসের কাছে স্যাটেলাইট সম্প্রচার স্বত্ব ২২ কোটি টাকা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম টফির কাছে ডিজিটাল সম্প্রচার স্বত্ব ১৭ কোটি টাকায় বিক্রি করা হয়। তার দাবি, সব মিলিয়ে তমা কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, তমা কনস্ট্রাকশন মূলত বিদেশি কোম্পানিকে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার পরিশোধ করলেও বাকি অর্থের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
তিনি বলেন, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচার ব্যয়ের তুলনা করলেই জনগণ বুঝতে পারবেন, অতীতে কীভাবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ছিল জনগণকে বিশ্বকাপ খেলা দেখানো, তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করা। এ লক্ষ্যেই ফিফার সঙ্গে সরাসরি আলোচনা করে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে।
তবে উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনার প্রক্রিয়া নিয়ে তথ্যমন্ত্রীর উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।