
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজের সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি প্রান্তের ব্যয় পরিশোধের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, আবাসন, ক্যাটারিং ও পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজ গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।