
যশোর শহরে এক কলেজছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে রসুল নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক রসুল যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ফরিদপুর বাশবাড়িয়া এলাকার মৃত উজ্জ্বল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের গরিব শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় এক কলেজছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন রসুল। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রসুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।