
বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন লারিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদী পক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২০ সেপ্টেম্বর চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর আসামিরা গালাগালি করলে শেখ আহাদ আহমেদ ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।