সন্দেহভাজনের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের ধাক্কাধাক্কি
মোল্লাহাটে পানবরজ থেকে ৬ বছরের শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৫ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর গলা কাটা মরদেহ পানবরজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও হামলার ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামে পানবরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুসলিমা ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মুসলিমা অপর এক শিশুর সঙ্গে বাড়ির পাশের এলাকায় খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজের কাছে পলিথিনে মোড়ানো অবস্থায় মুসলিমার মরদেহ দেখতে পান স্বজনরা।
পরে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে শিশুটির হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয়দের একটি অংশ জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে শিশুটির হত্যাকাণ্ডের সঙ্গে ওই সন্দেহভাজনের সম্পৃক্ততা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় কচুড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করার দাবি উঠেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ছয় বছরের শিশু মুসলিমার গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত এবং সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























