রেকর্ড ১৭তম জাতীয় পুরস্কার পেল চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ১১:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৭ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে রেকর্ড ১৭তম জাতীয় পুরস্কার অর্জন করেছে। বিশেষ করে নিরাপদ সিজারিয়ান (সিজার) সেবা নিশ্চিতকরণে অসামান্য অবদানের জন্য হাসপাতালটি এ পর্যন্ত ১৪ বার ‘কোয়ালিটি ইম্প্রুভমেন্ট চ্যাম্পিয়ন’ সম্মাননা লাভ করেছে।
সর্বশেষ ‘বাংলাদেশ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কনভেনশন-২০২৫’-এ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আবারও ‘কোয়ালিটি ইম্প্রুভমেন্ট চ্যাম্পিয়ন’ হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আহসানুল মিজান রুমী দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালের চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। তার নেতৃত্বে হাসপাতালটি ইতোমধ্যে চারবার জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা, নিরাপদ সিজারিয়ান কার্যক্রম এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোগীদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইতোমধ্যে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এতে চিকিৎসাসেবার পরিধি ও সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসানুল মিজান রুমী জানান, রোগীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে এখন থেকে প্রতিদিন ১৬ ঘণ্টা সিজারিয়ান অপারেশন সেবা চালু থাকবে। এ লক্ষ্যে দুই শিফটে চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন, যাতে জরুরি মুহূর্তে কোনো প্রসূতি মাকে সিজারিয়ান সেবার জন্য জেলা সদর বা অন্যত্র যেতে না হয়।
তিনি আরও বলেন, হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও জনগণকে আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা দিতে এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















