১৭ বছরের আন্দোলনের অর্জন নতুন বাংলাদেশ: নার্গিস বেগম
- আপডেট সময় : ০৮:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৫২ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এখন সময় এসেছে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তোলার।
শনিবার (৬ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে জেলা বিএনপি কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে তিনি ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সূচনা করেছিলেন। তিনি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহীদ জিয়া নারীদের নিরাপদ কর্মসংস্থান ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার মাধ্যমে নারী জাগরণের সূচনা করেছিলেন, যা পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরও বিস্তৃত করেন।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশবিরোধী কোনো অপশক্তি যাতে ভবিষ্যতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে এবং স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত হানতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী ও সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফাসহ দলীয় নেতৃবৃন্দ।
তিনটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে নুর আজমিয়া ফাতেমা প্রথম, আনিশা তাবাসসুম দ্বিতীয় ও জাওয়াদ আফনান তৃতীয়; ‘খ’ গ্রুপে আইয়ান রেজা প্রথম, কাজী আয়াত সমৃদ্ধি দ্বিতীয় ও রাদ এহতেশাম তৃতীয় এবং ‘গ’ গ্রুপে জুনায়েদ হোসেন প্রথম, সোহান দ্বিতীয় ও সোনালী আহমেদ সুচি তৃতীয় স্থান অর্জন করে।
























