আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০১:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৮৫ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রমীলা নারী ফুটবল টুর্নামেন্টে যশোর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়ের বোদা টুস্টার ফুটবল দল।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত নারী ফুটবলার ইশিতা, বিউটি কুইন সুবর্ণা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও গোলরক্ষক জবা অংশ নেন। খেলা পরিচালনা করেন রেজাউল করিম স্বপন, শাহিন আলম ও শাকিল হোসেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

























