নারীদের সমবায় উদ্যোগে সহযোগিতার আশ্বাস এমপি-পত্নী মাহফুজার
- আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। স্বাগত বক্তব্যে সমবায় কার্যক্রমের গুরুত্ব ও স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় সমবায়ীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত শক্তি, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় আন্দোলনকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিণী মাহফুজা বেগম। তিনি নারীদের সমবায়ভিত্তিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমি চাই, আমাদের মায়েরা ও মেয়েরা সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটাবেন। এ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। যেকোনো প্রয়োজনে আমাকে ডাকলে পাশে পাবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে দলবদ্ধভাবে আমার কাছে আসবেন। আমি সংসদ সদস্য নই, তবে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশও করতে পারব।
এসময় তিনি নারীদের সম্মিলিত উদ্যোগ, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। সংসদ সদস্যের সহধর্মিণী মাহফুজা বেগম সমবায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। অতিথি ও অংশগ্রহণকারীদের আপ্যায়নেরও আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমবায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমবায়ের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পালিত হয় এবারের জাতীয় সমবায় দিবস।





















