পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু
- আপডেট সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পঠিত

আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে খুলনার পাইকগাছা পৌরসভা। জাপানি প্রযুক্তিনির্ভর প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগারটি ২০২৬ সালের ২০ এপ্রিল চালু হয়। এর মাধ্যমে মাত্র লিটারপ্রতি ১ টাকা খরচে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানববর্জ্য সংগ্রহ ও শোধন করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের বাস্তবায়নে নির্মিত এ শোধনাগারটি পরিচালনা করছে পাইকগাছা পৌরসভা। দৈনিক ১৫ হাজার লিটার বর্জ্য শোধনক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রে ইতোমধ্যে প্রায় ১ লাখ ২৪ হাজার লিটার পয়ঃবর্জ্য শোধন করা হয়েছে। বর্জ্য সংগ্রহের জন্য রয়েছে ৫০০ ও ১ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন দুটি ভ্যাকুয়াম ট্যাংকবাহী গাড়ি।
পৌরসভা সূত্রে জানা গেছে, আগে মানববর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থা না থাকায় খাল-বিল ও নদীতে বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হতো। নতুন শোধনাগার চালুর ফলে এ সমস্যা কমার পাশাপাশি নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হয়েছে।
ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা জানান, সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে নির্মিত এ শোধনাগারে চারটি ধাপে বর্জ্য পরিশোধন করা হয়। পরিশোধিত পানি পরীক্ষার পর নিষ্কাশন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, এ উদ্যোগের ফলে স্বল্প খরচে পরিবেশবান্ধব উপায়ে মানববর্জ্য শোধন সম্ভব হচ্ছে। পরিশোধিত পানি কৃষি ও উৎপাদনশীল কাজে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
পৌরসভা সূত্রে আরও জানা গেছে, চালুর প্রথম ছয় মাসে এ সেবা থেকে আয় হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। বিপরীতে জ্বালানি, ব্যাটারি, কর্মীদের মজুরি ও রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকা। এতে ব্যয় বাদে উদ্বৃত্ত রয়েছে ১০ হাজার ৭৭০ টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, জনসচেতনতা ও সেবার পরিধি বাড়ানো গেলে পাইকগাছা পৌরসভার এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও আধুনিক নাগরিকসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















