২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার
শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি স্মার্টফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে। এ সময় পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে পুলিশের দাবি। একই ধরনের অপরাধের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আমীন উদ্দীন তরফদারের ছেলে বকুল হোসেন (৫০) এবং যশোরের শার্শা উপজেলার রামপুর গোলদারপাড়া গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১ হাজার টাকা মূল্যমানের ২৭৬টি নোটসহ মোট ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, ১ হাজার টাকার নোটের আকারের আটটি কাচের টুকরা, দুটি লাল কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল রঙের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করা হতো। গ্রেপ্তার ব্যক্তিদের ১৬ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।

























