কুয়াদায় নাটুয়ার খাল দখল করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২৯ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণ নাটুয়ার খাল দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কুয়াদার ৭ মাইল এলাকায় নাটুয়ার খালের পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কুয়াদা বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
জানা যায়, কুয়াদা, কামালপুর, ডহরসিঙ্গা, বাজুয়াডাঙ্গা ও বিল হরিণার একাংশের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম নাটুয়ার খাল। এসব এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য সড়ক ও জনপদ দুইটি কালভার্ট (ব্রীজ) নির্মান করে, সেখান থেকে পানি প্রবাহিত হয়ে মুক্তেশ্বরী নদীতে গিয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, যশোর বকচরের বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি খালের জায়গা দখল করে প্রায় তিন ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করছেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা নির্মাণকাজে বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে মিজানুর রহমান ০১৭৩৩১৭৪১৩৬ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াদা বাজার বর্নিক কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান শান্তি, রামনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম ও ৭৪ বছর বয়সী প্রবীণ ব্যক্তিত্ব সহদেব ভদ্র,মাসুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নাটুয়ার খাল কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। খালটি দখল ও সংকুচিত হয়ে পড়লে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে। ড্রেন নির্মানের ফলে কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, জনস্বার্থে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। তাই খালের সীমানা নির্ধারণ, দখলের অভিযোগ তদন্ত, অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ এবং প্রয়োজনীয় খননের মাধ্যমে আগের অবস্থায় পানি প্রবাহ ফিরিয়ে আনতে হবে।এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।






















