কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগ
গড়ভাঙ্গা–বাটবিলা সড়কে অর্ধশতাধিক গাছের চারা রোপণ
- আপডেট সময় : ০৬:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৫৬ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা–বাটবিলা সড়কের পদ্মবিল ও বড়বিল এলাকায় অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেছে কেশবপুর উজ্জ্বল স্মৃতি সংসদ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির উদ্যোগে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পরিবেশের উন্নয়ন ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান এবং সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান এবং সাংবাদিক শামীম আক্তার মুকুল, তুহিন হোসেন, এনামুল হাসান ও হাফিজুর রহমান।
এদিকে, কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা থেকে পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার বাটবিলা পর্যন্ত বিস্তৃত সড়কটি বর্তমানে স্থানীয় মানুষের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষ।
সড়কের এক পাশে বিস্তীর্ণ বড়বিল, অন্য পাশে পদ্মবিল। এর সঙ্গে সারি সারি খেজুরগাছ, বিস্তৃত জলাভূমি ও নির্মল প্রাকৃতিক পরিবেশ মিলেমিশে তৈরি করেছে মনোরম এক দৃশ্য। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে প্রতিদিন এখানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
স্থানীয়দের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা এ সড়কের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে সড়কটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অবদান রাখবে।
























