ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২ হাজার ৪০৫ আনসার-ভিডিপি সদস্য
- আপডেট সময় : ১১:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৪০৫ জন সদস্য-সদস্যা। পাশাপাশি নিরাপত্তা জোরদারে আনসার ব্যাটালিয়নের ৬০ সদস্যের একটি স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ১ হাজার ৬৬৫ জন পুরুষ এবং ৭৪০ জন নারী। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে একজন সদস্য সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় সরঞ্জামসহ সদস্য-সদস্যারা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছেছেন।
নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবার সদস্য মোতায়েনের ক্ষেত্রে বাহিনীর STDMS সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে চালু করা হয়েছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ।
প্রতিটি ভোটকেন্দ্রে দুজন করে মোট ৩৭০ জন সদস্য এ অ্যাপের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়তা পাওয়া যাবে।
নির্বাচনী নিরাপত্তা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপারেশন শাখার কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। দায়িত্ব পালনকালে কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোতায়েনের আগে বাহিনীর মহাপরিচালক জুম অ্যাপের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আনসার-ভিডিপি জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে বাহিনীর সদস্য-সদস্যারা প্রস্তুত রয়েছেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





















