নড়াগাতীতে মাদকের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- আপডেট সময় : ১০:১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার পঠিত

নড়াইলের নড়াগাতীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় নড়াগাতী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ শেখ বুলবুল কবির, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম এবং সদস্যসচিব চৌধুরী সাখায়েত হোসেন (ঝুনু)।
বক্তারা বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন এবং এ বিষয়ে মাইকিংও করেছেন। তবে নড়াগাতী থানায় মাদকবিরোধী কার্যক্রমে দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

























