মাস্টার পলাতক, আটক ৫
অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ
- আপডেট সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের অভিযোগে ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ-পুলিশের যৌথ আভিযানিক দল। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে গম ও জাহাজটি জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় বিদেশি একটি জাহাজ থেকে আমদানিকৃত সরকারি গমের প্রায় ১৫০ টন একটি বাংলাদেশি লাইটার জাহাজে স্থানান্তর করা হয়েছে। পরে গমভর্তি জাহাজটি অভয়নগরের নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে অবস্থান নেয়। এ তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গমসহ জাহাজটি জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।
অভিযানে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু ও সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশ, অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে, সরকারি গম বিদেশি জাহাজ থেকে কীভাবে লাইটার জাহাজে স্থানান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে দেশবাসী।





















