পুশ-ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ
- আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ৫৪ বার পঠিত

বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত সীমান্ত হত্যা, ভারত কর্তৃক পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে বেনাপোলের রহমান চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া-অভয়নগর এলাকার সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আজীজুর রহমান।
বক্তারা বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। তারা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং পুশ-ইন কার্যক্রমের অবসান ঘটানোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের নিরাপত্তা, মানবাধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকারকে আরও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রমের অবসান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানানো হয়। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাবিবুর রহমান, শার্শা উপজেলা নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌর জামায়াতের আমির রেজাউল করিম ও সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, এনসিপির শার্শা উপজেলা সংগঠক মুরাদ উদ দৌলা, এলডিপির যশোর জেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক নুরুজ্জামান, জেলা সেক্রেটারি আবু জাফর, যশোর জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























