যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

যশোর জিলা স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৪০ জনসহ মোট ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান, লক্ষণ কুমার বিশ্বাস ও জেসমিন আক্তার।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩২ জন, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৪ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও অধ্যবসায়ের প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। কৃতি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান এবং অন্যদের ভালো ফলাফলে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।























