পরিবেশ রক্ষায় পহরডাঙ্গায় গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০৯:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৬০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি লিয়াকত আলীর পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। চারা বিতরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
চারা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় এমন জনকল্যাণমূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতাও বৃদ্ধি পাবে।
উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিযোগিতা যেন উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাদের ভাষ্য, “ভালো কাজের প্রতিযোগিতা সবার মাঝে ছড়িয়ে পড়লে সমাজ ও দেশ উভয়ই উপকৃত হবে।”
গাছের চারা বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে এবং অনেকের মধ্যেই নতুন করে বৃক্ষরোপণের আগ্রহ দেখা যায়।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহায়ক হবে।
























