অভয়নগরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের অভয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের বেঙ্গল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের নফুর বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২৯) এবং নওয়াপাড়া গ্রামের ফারুক মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)।
অভয়নগর থানার পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নেতৃত্বে এসআই অরূপ কুমার বসুর সমন্বয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নওয়াপাড়া গ্রামের একটি ভাড়াটিয়ার বসতঘরের সামনে থেকে আকাশ বিশ্বাস ও সুমন মোল্লাকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকাশ বিশ্বাসের বিরুদ্ধে এর আগে ছয়টি মাদক মামলা রয়েছে। সুমন মোল্লার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে রোববার (৯ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।




















