মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন
- আপডেট সময় : ১১:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরের মণিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উপজেলার ১০৪টি পূজামণ্ডপে উপজেলা প্রশাসন, আনসার-ভিডিপি ও থানা পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিমার বৈচিত্র্যময় নকশা, রঙিন আলোকসজ্জা আর সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে পুরো উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ।
দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিতে নিয়মিত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। এ সময় তাঁর সঙ্গে থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঃ আহাদ।
মহালয়া থেকে শুরু করে মঙ্গলবার (২০ অক্টোবর) মহাষ্টমীর রাতেও উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউএনও সম্রাট হোসেন। এ সময় তিনি উৎসবের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজারীদের খোঁজখবর নেন। পাশাপাশি, উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পূজামণ্ডপগুলোতে অতিথিদের বরণ, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির এক ইতিবাচক চিত্র ফুটে উঠেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আন্তরিকতায় মণিরামপুরজুড়ে তৈরি হয়েছে সম্প্রীতির আবহ।
উপজেলার ১০৪টি পূজামণ্ডপে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

























