ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ
যশোরে ফুটপাত থেকে রামদা-ককটেল উদ্ধার
- আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোর শহরের রেলরোড খাটপট্টি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুটপাত থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে স্থানীয় একটি চক্র ওই এলাকার এক ফার্নিচার ব্যবসায়ীকে ফাঁসাতে পরিকল্পিতভাবে তার দোকানের পাশে রামদা ও ককটেল রেখে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টিবি ক্লিনিক এলাকার ফার্নিচার ব্যবসায়ী রাজিব বলেন, সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন তারা। এরপর থেকে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে। তার দাবি, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
রাজিবের ভাষ্য, রেলরোডের ফুটপাতের ওপর তার একটি অস্থায়ী ফার্নিচারের দোকান রয়েছে। ওই দোকানের পাশে রামদা ও ককটেল রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
রাজিবের বোন রেখাও অভিযোগ করেন, তার ভাইকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। একাধিকবার চেষ্টা করা হলেও তারা সফল হয়নি। এখন আবারও তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রেখা।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ বা ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।




















