যশোর সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিসমিস ও প্রসাধনীসহ প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৭৫টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ২ কেজি জিরা, ২৪ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৩৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















