যশোরে ২৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৮ বার পঠিত

যশোর শহরের ঝুমঝুমপুরে ২৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়ার মো. নজরুলের ছেলে। বর্তমানে তিনি তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ। যশোর জেলা পুলিশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




















