র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহমদ উসমানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই মানুষকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা।
আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়ক ভূমিকা রাখবে।






















