খুলনায় পিস্তল-গুলিসহ বি কোম্পানির তিন সন্ত্রাসী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৯ বার পঠিত

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও নগদ অর্থসহ কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানার রায়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার নান্না বেপারি (৫৭)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানকালে নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়। গ্রেফতার তিনজন খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য।
পুলিশ ক্লিয়ারেন্স ও অপরাধসংক্রান্ত তথ্য (পিসি-পি আর) পর্যালোচনায় তাদের বিরুদ্ধে খুলনা মহানগরী, পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক এবং চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।


















