তালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পঠিত

হাত ধোয়ার নায়ক হোন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় তালা উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালিতে তালা মডেল স্কুলসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা চত্বরে হাত ধোয়ার সঠিক ও কার্যকর বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তালা, সাতক্ষীরার কর্মকর্তা আবুল হাসমত কাজল সকলের উপস্থিতিতে প্র্যাকটিক্যাল বা বাস্তবিকভাবে হাত ধোয়ার নানা ধাপ ও কৌশল উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি শেষে ছাত্র-ছাত্রীসহ সকলের উদ্দেশ্যে বিভিন্ন জন সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। বিশেষ করে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক মারাত্মক রোগব্যাধি থেকে খুব সহজেই মুক্ত থাকা সম্ভব এবং আমাদের আজকের এই ছোট্ট সচেতনতাই আগামীর সুস্থ বাংলাদেশ গড়ার ভিত্তি।
এসময় তালা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সন্তোষ কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তারিক ইমাম উপজেলা মৎস্য অফিসার, প্রভাস কুমার দাস উপজেলা একাডেমিক সুপারভাইজার, হাজিরা খাতুন উপজেলা কৃষি অফিসার, আরিফুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তালা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, কামরুজ্জামান মিঠুন, মিল্টন, গোলাম রব্বানী, মোখলেসুর রহমান, শাহিন এবং আবু সাঈদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, শৈশব থেকেই শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে পারলে তা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে তালা উপজেলায় স্বাস্থ্য সচেতনতার এক নতুন বার্তা ছড়িয়ে পড়ে।





















