চুল্লি ও ইট ধ্বংস
নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালু করা দুটি ইটভাটায় জরিমানা
- আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১০৬ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালু করা দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার চুল্লি ও নতুন তৈরি করা ইট ধ্বংস করা হয়।
বুধবার দুপুরে উপজেলার চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন। অভিযানে ‘রাসেল ব্রিকস’-কে ২ লাখ টাকা এবং ‘সুনিয়া ব্রিকস’-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র ছাড়াই চিমনি ছাড়া ইট পোড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে দীর্ঘদিন ধরে ভাটা দুটির বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল। এর আগে ৫ মে পরিচালিত অভিযানে দুটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং পৃথকভাবে জরিমানাও করা হয়েছিল। তবে ওই অভিযানের পর মালিকপক্ষ গোপনে চুল্লি সংস্কার করে পুনরায় চিমনি ছাড়াই ইট পোড়ানো শুরু করে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার আবারও অভিযান চালানো হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কাঁচা-পাকা ইটসহ ভাটার অংশ ধ্বংস করে দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আগের ব্যবস্থা নেওয়ার পরও পুনরায় কার্যক্রম চালু করায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে ভাটাগুলো পুনরায় চালু করা হয়েছিল। তাই জরিমানার পাশাপাশি চুল্লি ও ইট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।























