মুফতি লিয়াকত হোসেনের উদ্যোগে পহরডাঙ্গায় ফুটবল বিতরণ
- আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মুফতি লিয়াকত হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এ সময় তিনি তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মুফতি লিয়াকত হোসেন বলেন, “শুধু পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হলেই হবে না, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে স্রষ্টার হকও আদায় করতে হবে। ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলার মধ্যেই ব্যক্তি, পরিবার ও সমাজের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মুফতি লিয়াকত হোসেন জানান, তিনি আগামী ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
























